
মতলব দক্ষিণ প্রতিনিধি:মোহাম্মদ রবিউল আজম:
চাঁদপুরের মতলবে ‘মডেল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ কর্তৃক পরিচালিত ‘ডাক্তার নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’-এর ৯ম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট ২০২৬, বুধবার বিকেল ২ ঘটিকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ হাবিবুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মতলব পৌরসভা শিবিরের সভাপতি মোঃ রবিউল আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দারুল ইসলাম সোসাইটি মতলবের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান বলেন, “নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি শিক্ষাই প্রধান হাতিয়ার। সততা ও দক্ষতার সাথে কাজ করে নারীরা নিজেদের পাশাপাশি সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন (পরিচালক, বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালী, ঢাকা এবং সহ-সভাপতি, দারুল ইসলাম সোসাইটি ও দারুল ইসলাম জামে মসজিদ) বলেন, “নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজ স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।”
ডাক্তার নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সাইদা মোহেলা নিশাত তাঁর বক্তব্যে বলেন, “আমাদের উদ্দেশ্য হলো প্রান্তিক ও উদ্যমী নারীদের হাতের কাজ শিখিয়ে তাঁদের স্বাবলম্বী করে তোলা। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।” অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তাহসিন আহমেদ (শহুর), ইঞ্জিনিয়ার শাকিল (নাবিল), মতলব পৌরসভার জনাব শাহ আলম, মতলব পৌরসভা জামায়াতের সদস্য মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যুব বিভাগের সভাপতি মো. ইদ্রিস খান, দারুল ইসলাম সোসাইটির নির্বাহী কমিটি সদস্য জনাব নাজির উদ্দিন এবং মতলব আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, “দক্ষ জনশক্তি গঠন ও সামাজিক উন্নয়নের জন্য এ ধরনের সেলাই ও ভোকেশনাল প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই মহতী উদ্যোগকে অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন।” বক্তব্য পর্ব শেষে ৯ম ব্যাচের উত্তীর্ণ সফল শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং তাদের আত্মকর্মসংস্থানের সুবিধার্থে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের অগ্রগতি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
Reporter Name 













