
মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আব্দুল মনান। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন, যা মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক ফসল উৎপাদন কৌশল, নিরাপদ খাদ্য উৎপাদন, সুষম সার ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
Reporter Name 


















