
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান (পলিটিক্যাল সায়েন্স) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান এজেডএম আজিজুর রহমান।
শনিবার (২০ জুন) রাজধানীর চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পান এজেডএম আজিজুর রহমান।
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সন্তান এজেডএম আজিজুর রহমান কর্মজীবনে একজন দক্ষ প্রশাসক ও সফল সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইনভেস্টরস সার্ভিসেস কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি হাইমচরের দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ-এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ১২ বছর ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (SWS) হাইমচর-এর প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ খাতেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতি, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর পরিচালক এবং জাপান-বাংলাদেশ ও বাংলাদেশ-চায়না বিভিন্ন বাণিজ্যিক ফোরামের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রেখে চলেছেন।
কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এজেডএম আজিজুর রহমান হাইমচর তথা চাঁদপুরের গর্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মোঃ হোসেন গাজী :চাঁদপুর 






















