
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমান সমাজের অন্যতম প্রধান সমস্যা। এসব অপকর্ম শুধু ব্যক্তি ও পরিবারকে নয়, পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুবসমাজ মাদকের আগ্রাসনে বিপথগামী হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তারা যুবসমাজকে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জানান এবং এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, জনসম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন সম্ভব।
মানববন্ধন শেষে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: 






















