ফেনী প্রতিনিধি:
ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ শেখ কামাল। দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও দৈনিক ফেনীর ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মোঃ মোস্তফা, আবুল হাসান ও কামরুল হাসান লিটন; সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন ও আবদুল আউয়াল চৌধুরী; সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও শাহ জিয়াউল হক রুবেল; এবং কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী ও সলিম উল্লাহ ভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমীন, মিতুল চৌধুরী, কামরুল হাসান, কাজী মোঃ মহিব উল্লাহ, আবদুল হালিমসহ স্থানীয় সংবাদকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সজীবের ওপর এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো সাংবাদিক সমাজের ওপর এক ন্যাক্কারজনক আঘাত।
বক্তারা ঘটনার ভয়াবহতা তুলে ধরে অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা সজীবকে রিভলবার তাক করে গুলি করে হত্যার চেষ্টা করে। এরপর তাকে বেদম মারধর করে ফেনী নদীতে ফেলে দেয়। সজীবকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা ছিল হামলাকারীদের, যা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর হুমকি। তবে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে হামলাকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
বক্তারা এই ঘটনায় ইতোমধ্যে ইমাম হোসেন ও ইউনুস নামে দুই আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত মূল আসামিসহ নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
Reporter Name 





















