
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে ৩ দশকের প্রাচীন বার্ষিক বিপদতারিণী মায়ের পূজো, চন্ডিপাঠ ও চন্ডিপূজোয় অংশ নিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। ২১ জুলাই মঙ্গলবার শহরের মিশনরোড এলাকার অনামিকা নামক বাসভবনে অনুষ্ঠিত এই পূজোতে নেতৃবৃন্দরা অংশ নেন। পূজোটির ৩ দশক ধরে আয়োজন করে যাচ্ছে শিপ্রা মজুমদার। যিনি জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
পূজোতে অংশ নিয়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, প্রতিবছরের ন্যায় এবারো বার্ষিক বিপদতারিণী মায়ের পূজো এবং সাথে চন্ডিপাঠ ও চন্ডি পূজো হচ্ছে এখানে। এই বিপদনাশিনী পূজো অনেক জাগ্রত। এখানে একটি যজ্ঞ হয়। যেখানে মানুষের কামনা বাসনা পূর্ণ হয় বলেও জনশ্রুতি রয়েছে। প্রায় ৩০ বছরের পুরানো এই পূজোতে মাকে প্রণাম করতে এবং পূজোর প্রসাদ পেতে আমরা সংগঠনের সবাইকে নিয়ে এখানে অংশ নিলাম।
এ সময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস,জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার,জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শিশির চন্দ্র শীল, সদর উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বাসুদেব মজুমদার, পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, জেলা ঐক্য পরিষদের সদস্য আশিষ মজুমদার, গৌতম রায়সহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সুন্দরভাবে পূজো অনুষ্ঠানের সমাপ্তি এবং সকলে মায়ের পূজোতে অংশ নেয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার বলেন,আমার পরিবার বিশ্ব শান্তি ও সৃষ্টির মঙ্গল কামনায় প্রতিবছরই এই পূজোটা করে থাকে।এবার আবহাওয়া ভালো থাকায় জাগ্রত এই পূজো করতে তেমন সমস্যা হয়নি। আগামীতেও যাতে মায়ের পূজো সুন্দরভাবে করতে পারি সেজন্য সকলের আশির্বাদ প্রত্যাশা করছি।
Reporter Name 




















