
মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে দীপ্ত মেডিকেল হলকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারায় ২০ হাজার টাকা এবং রিয়াদ ফার্মেসিকে একই আইনের ৪০(গ) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের প্রতিনিধিসহ রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এ সময় দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। পাশাপাশি ফার্মেসি মালিকদের বৈধ লাইসেন্স সংরক্ষণ, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি এবং বিদ্যমান আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 



















