ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ শেখ কামালের সভাপতিত্বে এবং দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও দৈনিক ফেনীর ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিক সজীবের ওপর এই হামলা কেবল একজনের ওপর আঘাত নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর এক অশনি সংকেত।” তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা রিভলবার ঠেকিয়ে সজীবকে গুলি করে হত্যার চেষ্টা চালায়, বেদম মারধর করে এবং একপর্যায়ে তাকে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে যান।
বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের দ্রুত শনাক্ত এবং হামলার নেপথ্যে থাকা নির্দেশদাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে, ইতোমধ্যে ইমাম হোসেন ও ইউনুস নামের দুই আসামিকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।
Reporter Name 





















