শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর হিন্দু বাড়ি সংলগ্ন মৃধা বাড়ির প্রধান চলাচলের পথটি পরিদর্শন করে তা খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। পরিদর্শন শেষে দীর্ঘদিনের ব্যবহৃত পথটি চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃধা বাড়ি থেকে বের হওয়ার এই পথটি স্থানীয়রা শত বছর ধরে ব্যবহার করে আসছেন। বর্তমানে ওই এলাকায় অন্তত ১৭টি হিন্দু ও মুসলিম পরিবার বসবাস করছে। সম্প্রতি পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে বিরোধের জের ধরে পথটি তারকাঁটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা উপস্থিত ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে পথটি খুলে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে পথটি খুলে দেওয়া হয়।
চলাচলের পথটি পুনরায় বন্ধ করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, “ভবিষ্যতে কেউ যদি পুনরায় এই পথটি বন্ধ করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর ফরিদ আহমদ, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 
























