
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী জোনাকী পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আহতদের একজন অর্পিতা সাহার পরিবার জানায়, চাকরির পরীক্ষায় অংশ নিতে তিনি নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বাসটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। একই সকালে পৃথক দুর্ঘটনায় নিহত পথচারী
এদিকে একই ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় সকাল আটটার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
Reporter Name 




















