
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালিতে বসবাসরত শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের অন্যতম সংগঠন ‘হিলাল কমিটি’র ত্রিবার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মুফতি অলি উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা ফয়জুল করিম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় আরও ১১ জন নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ রুহুল আমিন, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ আবদুল্লাহ আল ফারুক, হাফেজ মিকাইল হোসেন, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা হুমায়ুন রশিদ রাজী, হাফেজ ইসরাফিল হোসাইন, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা রহমত উল্লাহ কাসেমী, মাওলানা রহমত উল্লাহ।
সোমবার রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এ নির্বাচন আয়োজিত হয়। সংগঠনের এবারের নির্বাচনের ধরনটি ছিল বেশ ব্যতিক্রমী ও অনুসরণীয়। সম্পূর্ণ ইসলামিক শূরার মূলনীতি অনুসরণে ‘সবাই ভোটার, সবাই প্রার্থী’ নীতিতে নির্বাচনটি পরিচালিত হয়। অর্থাৎ, এককভাবে কেউ কোনো নির্দিষ্ট পদের জন্য প্রার্থী ছিলেন না।
উপস্থিত ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো ১৩ জন আলেমকে ভোট দিয়ে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করেন।পরে সংগৃহীত ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পাওয়া ১৩ জন নির্বাহী সদস্যকে চূড়ান্ত করা হয়। পরবর্তীতে এই নির্বাচিত ১৩ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
গণতান্ত্রিক ও ইসলামিক প্রক্রিয়ার এই অপূর্ব সমন্বয়ে সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি অলি উল্লাহ সভাপতি এবং হাফেজ মাওলানা ফজলুল করীম সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন। নবনির্বাচিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী তিন বছর ইতালিতে প্রবাসী মুসলিমদের ধর্মীয় দিকনির্দেশনা ও হিলাল কমিটির নানা দায়িত্ব পালন করবে।
নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মুফতি অলি উল্লাহ বলেন: আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। উপস্থিত আলেমসমাজ আমার ওপর যে আমানত ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি—এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইতালিতে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ কল্যাণ ও সঠিক ধর্মীয় দিকনির্দেশনায় হিলাল কমিটি বরাবরের মতোই ভূমিকা রেখে যাবে।
সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন প্রবাসের মাটিতে আলেমদের এই সুসংগঠিত ঐক্য সত্যিই প্রশংসনীয়। যেভাবে নিরপেক্ষ ও ইসলামিক পদ্ধতিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে, তা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। প্রবাসী ভাই-বোনদের দ্বীনি খিদমতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Reporter Name 






















