
গাইবান্ধা প্রতিনিধি:
দীর্ঘ ৪৫ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে গাইবান্ধা শহরের আদর্শপাড়ায় অবস্থিত আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয়-সংলগ্ন প্রায় ১৫ বিঘা (প্রায় ৫ দশমিক ৫ একর) জমির দখল ফিরে পেয়েছেন মরহুম আকবর আলী খানের ওয়ারিশরা।
বুধবার (২২ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাহমুদ কলির নেতৃত্বে এবং গাইবান্ধা সদর থানা পুলিশের নিরাপত্তায় দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় জমির সীমানা পুনর্নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্মিত বাউন্ডারির একটি অংশও উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকোর্টের রায়ের আলোকে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে চলমান জমি বিরোধের অবসান ঘটে। পরে আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত দাবিদারদের কাছে শান্তিপূর্ণভাবে জমির দখল হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনের মাধ্যমে আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
Reporter Name 



















